চট্টগ্রামে রোডমার্চের প্রস্তুতি হিসেবে নগর বিএনপির তিনটি পক্ষ গতকাল শনিবার আলাদাভাবে সভা করেছে। এসব সভা থেকে পবিত্র ঈদুল আজহার পর চট্টগ্রামে আয়োজিত দলের রোডমার্চ ও সমাবেশ সফল করার প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও দলের চেয়ারপারসনের দুই উপদেষ্টা যথাক্রমে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নিজেদের অনুসারী নেতা-কর্মীদের নিয়ে এসব বৈঠক করেন। তবে চট্টগ্রামে রোডমার্চের দিনক্ষণ এখনো স্থির হয়নি। দলীয় সূত্র জানায়, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে গতকাল দুপুরে চারদলীয় জোটভুক্ত রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন না বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। অথচ এই দুজন গতকাল চট্টগ্রামে অবস্থান করছিলেন। এমনকি দুজন আলাদাভাবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকও করেন। জানা গেছে, আমীর খসরুর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর মহানগরের আমির সাংসদ মো. শামসুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক নূর মোহাম্মদ খান, ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা মাঈনুদ্দীন রহী, খেলাফত মজলিসের মহানগর সভাপতি খুরশিদ আলম, নেজামী ইসলামী নেতা ফজলুর করিম জেহাদি প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।বিকেলে নগরের পাহাড়তলী এলাকায় আলাদা বৈঠক করেন আবদুল্লাহ আল নোমান। বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এতে নোমানের অনুসারী বলে পরিচিত শ্রমিক দলের নেতা এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, আইনজীবী আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকালে নগরের চট্টেশ্বরী রোডের বাসভবনের সামনের চত্বরে বৈঠক করেন মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। নগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীরা এতে যোগ দেন। গত শুক্রবার নগরের বাকলিয়ায় দলীয় নেতা আবু তাহেরের শোকসভায়ও তিনি বক্তব্য দেন। এসব সভায় তিনি রোডমার্চ ও জনসভা সফল করার প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেন।দলের নগর কমিটির সভাপতির বাসভবনে অনুষ্ঠিত চারদলীয় জোটের নেতাদের বৈঠকে না যাওয়া সম্পর্কে জানতে চাইলে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না। কেউ আমাকে বিষয়টি জানায়নি।’বৈঠকে নোমান কিংবা মীর নাছিরকে না ডাকা প্রসঙ্গে আমীর খসরুর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আগামীকাল সোমবার খসরু পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এ জন্য তিনি তাড়াহুড়া করে চারদলীয় জোটের নেতাদের ডেকে বৈঠক করেছেন।