বিএনপির তিন পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উত্তরাঞ্চলে যাওয়ার পথে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গতকাল শনিবার বিএনপির তিন পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর ও কালিয়াকৈরের ওপর দিয়ে খালেদা জিয়া গতকাল বিকেলে রাজশাহী সফরে যান। নেত্রীকে শুভেচ্ছা জানাতে এবং আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে বড় বড় ব্যানার ও ফেস্টুন নিয়ে কয়েকজন নেতার সমর্থকেরা রাস্তার দুই পাশে দুপুরের পর থেকেই অবস্থান করতে থাকেন।
এ সময় বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেঞ্চদ সিদ্দিকীর কর্মীরা মহাসড়কের ওপর মিছিল শুরু করেন। বিএনপির কালিয়াকৈর পৌর শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সমর্থকেরাও একই স্থানে পাল্টা আরেকটি মিছিল বের করেন। মিছিলের সময় চৌধুরী তানভীর আহমেঞ্চদ সিদ্দিকী ও মজিবুরের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একই সময়ে বিএনপির কালিয়াকৈর শাখার সভাপতি কাজী সাইয়্যেদুল আলমের সমর্থকেরা আরেকটি মিছিল নিয়ে আসেন। এ সময় তাঁদের সঙ্গেও তানভীর সিদ্দিকীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
এ সময় তিন পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে ওই সংঘর্ষের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। এ ছাড়া সফিপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আশপাশের দোকান বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের নেতা-কর্মীরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদা জিয়া কালিয়াকৈর এলাকা অতিক্রম করেন।
মজিবুর রহমান জানান, তাঁর কোনো নেতা-কর্মী সংঘর্ষের সঙ্গে জড়িত নন। তবে কারা জড়িত সেটাও জানা নেই। তবে সাইয়্যেদুল আলম জানান, তানভীর সিদ্দিকী দলের বহিষ্কৃত নেতা। কাজেই তানভীরের পোস্টার নিয়ে মিছিল করলে তাঁর সমর্থকেরা তানভীরের সমর্থকদের ধাওয়া করেন।
এ ব্যাপারে কথা বলতে তানভীর সিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।