বিএনপির তিন প্রার্থীই মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য তিন প্রার্থীই তৎপরতা চালাচ্ছেন।
উপজেলা ও পৌর বিএনপির নেতারা জানান, চাটখিল পৌরসভায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির পৌর কমিটির আহ্বায়ক ও বর্তমান মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন ও এহছানুল হক। তাঁরা ব্যক্তিগতভাবে এবং তাঁদের পক্ষের সমর্থকেরা প্রচারণা চালাচ্ছেন।
বর্তমান মেয়র মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় বিএনপির একটি সিদ্ধান্ত আছে যাঁরা বিভিন্ন পৌরসভায় বর্তমানে মেয়র পদে রয়েছেন, তাঁরাই আবার নির্বাচনে লড়বেন। সে হিসেবে তিনি দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী।
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, মেয়র পদের প্রার্থী এখনো তাঁরা চূড়ান্ত করতে পারেননি। মনোনয়নপ্রত্যাশী তিনজন মাঠে রয়েছেন। তবে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।
বিএনপির শরিক জামায়াতে ইসলামী মেয়র পদে প্রার্থিতা চূড়ান্ত করেছে। দলের উপজেলা কমিটির আমির মাওলানা মো. সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. আলাউদ্দিন।