গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল বৃহস্পতিবার হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারার অভিযোগ পাওয়া গেছে। কারচুপির অভিযোগ এনে দুপুরে বিএনপির তিনজন ও আওয়ামী লীগের এক ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন।
সরেজমিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের শহীদ ফকির সামছুদ্দিন শ্রমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, আওয়ামী লীগ প্রার্থীর বেশ কয়েকজন কর্মী জোর করে কেন্দ্রে ঢোকেন। তাঁরা বিএনপির এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মেরে বাক্সে ফেলেন। পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ বন্ধ করে দিয়ে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানান। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবার ভোট গ্রহণ শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ভোট নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দুপুরে কালীগঞ্জে মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রায় কেন্দ্রই ফাঁকা হয়ে যায়। এ সুযোগে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের জামালপুর কলেজ কেন্দ্রে সকালে আওয়ামী লীগের একদল কর্মী নয়টি বুথ থেকে বিএনপির এজেন্টদের লাঠিপেটা করে বের করে দেন। এর কিছু সময় পর পুলিশের একটি দল ওই কেন্দ্রে গিয়ে ভোটারদের কয়েকজনকে লাঠিপেটা করে। এতে সাধারণ ভোটাররা ভয়ে পালিয়ে যান।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহবুর রহমান বলেন, বিএনপির এজেন্টদের কেউ কেউ হয়তো চা খেতে গিয়েছেন। কিছু সময় পর হয়তো ফিরে আসবেন।
সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কমপক্ষে ১২টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোনোটিতেই বিএনপির এজেন্ট নেই। এসব কেন্দ্র থেকে তাঁদের আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছেন। তবে ইউপি সদস্যদের এজেন্ট দেখা গেছে।
চার প্রার্থীর নির্বাচন বর্জন: জামালপুর ইউপিতে বিএনপির প্রার্থী হারুন অর রশিদ দেওয়ান গতকাল দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি প্রথম আলোকে বলেন, সকাল থেকেই নৌকার লোকজন লাঠিসোঁটা নিয়ে সব কেন্দ্র থেকে তাঁদের নির্বাচনী এজেন্টদের বের করে দেন। এ কারণে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
একই অভিযোগে বাহাদুরসাদী ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন শেখ, মুক্তারপুর ইউপিতে মো. রফিকুল ইসলাম ও জামালপুর ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. খায়রুল আলম নির্বাচন বর্জন করেন। নিজ নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।