রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত বিতর্ক হয়। নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে বিএনপি সেনা মোতায়েনের দাবি জানায়। সরকারি দল অভিযোগ নাকচ করে দিয়ে সেনা মোতায়েন না করার পক্ষে মত দেয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেলে অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী অধিবেশনে যোগ দিতে বিরোধী দল সময়মতো এসেছে। কিন্তু সরকারি দলের সাংসদেরা আসেননি। সংবাদপত্রে ছাপা হচ্ছে, তাঁরা নির্বাচনের জন্য চার সিটি করপোরেশন এলাকায় রয়েছেন। তিনি বলেন, ‘মন্ত্রী ও সাংসদেরা নির্বাচনে প্রভাব খাটানোতে ব্যস্ত রয়েছেন বলেই সংসদে কোরাম হচ্ছে না। আমরা তিনটা থেকে আছি, কিন্তু এখন পৌনে চারটা বাজে।’ শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সিটি করপোরেশনের ভোটাররা আতঙ্কে আছেন। অস্ত্রের মহড়া চলছে, সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার করছে। পুলিশ নিষ্ক্রিয়। তিনি দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উদাহরণ দেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে সেনা মোতায়েনে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আশা করি আপনি এ বিষয়ে তাগিদ দেবেন।’ এর জবাব দেন শেখ ফজলুল করিম সেলিম। বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। প্রভাব বিস্তার করার অভিযোগ ঠিক না। তিনি বলেন, ‘তারা (বিএনপি) নিশ্চিতভাবে হারবে বলেই এসব অজুহাত দিচ্ছে।’ শেখ সেলিম বলেন, সাংসদ পত্রিকার উদাহরণ দিয়েছেন। পত্রিকার সংবাদের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় না। আর কিছু কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ করে। আওয়ামী লীগের আমলেই অবাধ নির্বাচন হয়েছে। বিএনপির আমলে মাগুরা আর ফালু মার্কা নির্বাচনের কথা সবাই জানে। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীও সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। আওয়ামী লীগের ফজলে রাব্বি মিয়া বলেন, নির্বাচন কমিশনকে নির্বাচন করতে দেন, দেখা যাক তারা কী করে।