বিএনপির দুই অংশের আলাদা তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ঢাকা চলো কর্মসূচি সফল করতে মৌলভীবাজারে জেলা বিএনপির দুটি অংশ আলাদা আলাদা তৎপরতা চালাচ্ছে। জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের উদ্যোগে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে এরই মধ্যে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশের উদ্যোগে ঢাকা চলো কর্মসূচিতে অংশগ্রহণ করতে ঢাকা চলো বাস্তবায়ন কমিটি গঠন করে কর্মিসভাসহ প্রচারণা চালানো হচ্ছে। বিএনপির নেতা-কর্মী সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ঢাকা চলো কর্মসূচি সফল করতে মৌলভীবাজার জেলা বিএনপির দুটি অংশ আলাদা আলাদা তৎপরতা চালাচ্ছে। কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে জেলা বিএনপির একটি কর্মিসভা অনুষ্ঠিত হলেও একটি অংশ সেই কর্মিসভায় যোগদান করেনি। গত রোববার বিকেলে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে এই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবাদুর রহমান চৌধুরী ও মুজিবুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা আবেদ রাজা, মুজিবুর রহমান মুজিব, ইউছুফ আলী, আবদুল মুকিত প্রমুখ। অপরদিকে এই কর্মিসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী ও তাঁর নেতৃত্বাধীন অংশের কোনো নেতা-কর্মী উপস্থিত হননি। এই অংশের উদ্যোগে ঢাকা চলো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পৃথক তৎপরতা চালানো হচ্ছে। এই অংশের নেতা মোয়াজ্জেম হোসেন মাতুককে আহ্বায়ক এবং মিজানুর রহমান মিজানকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট ঢাকা চলো বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাতুক গতকাল মঙ্গলবার বলেন, ‘আমরা আশা করেছিলাম, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ মৌলভীবাজার এসে আমাদের ডাকবেন। কিন্তু তিনি আমাদের খোঁজ করেননি। তিনি একটি অংশকে নিয়ে সভা করেছেন। বিএনপিতে আমরাই হচ্ছি মূলধারা।’এদিকে এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের নেতা ও বিএনপি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবদুল মুকিত গতকাল বলেন, ‘বিএনপির ঢাকা চলো টিমের নেতা হারুন আল রশীদ আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আমাদের সঙ্গে জেলার চার আসনের এমপি প্রার্থীরা ছিলেন। আমরাই তো আসল বিএনপি।’