রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। দলটির দুজন নেতা এখানে প্রার্থী হয়েছেন। এ ছাড়া ১৮ দলের আরেক শরিক জামায়াতও প্রার্থী দিয়েছে।
বিএনপি-জামায়াত জোটে যখন এই টানাপোড়েন, তখন সুবিধাজনক অবস্থায় আছে মহাজোট । রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামানই এখানে দলটির একমাত্র প্রার্থী। ফলে মহাজোটের শরিকদের সবাই আছেন তাঁর সঙ্গে।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, সাবেক মেয়র খায়রুজ্জামানের অবস্থান যেমনই থাকুক, একাধিক প্রার্থী নিয়ে দ্বন্দ্বের কারণেই এখানে বিএনপির ভরাডুবি ঘটতে পারে। তাঁরা চান কেন্দ্রের নির্দেশনায় যেকোনো একজন প্রার্থিতা প্রত্যাহার করুক। তবে বিএনপি ও জামায়াতের তিন প্রার্থীই তাঁদের অবস্থানে অনড়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন ২০০৮ সালের নির্বাচনেও মেয়র পদে প্রতিদন্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে ২৩ হাজার ৮১০ ভোটে তিনি খায়রুজ্জামানের কাছে পরাজিত হন। তবে জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী এবার দাঁড়িয়েছেন সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে।
মোসাদ্দেক হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘নাগরিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে তাঁরা একাধিক প্রার্থীর বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন। জামায়াতের প্রার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১৮ দলের কেন্দ্রীয় একটি জোট রয়েছে। আমরা আশাবাদী, অবশ্যই এর সমাধান হবে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক এর আগে কখনো কোনো নির্বাচন না করলেও এবার প্রার্থী হয়েছেন। নেতা-কর্মীরা বলছেন, শেষ পর্যন্ত তিনি নির্বাচন করবেন না। আগামী সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থিতা চান। মূলত সে কারণে নিজের অবস্থান জানাতেই তিনি প্রার্থী হয়েছেন।
অন্যদিকে ২০০৮ সালের নির্বাচনে কোনো প্রার্থী না দিলেও ১৮-দলীয় জোটের শরিক জামায়াতের রাজশাহী মহানগরের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীরও মেয়র পদে নির্বাচন করছেন। বিএনপির নেতারা বলছেন, জামায়াত আসলে আগামী সংসদ নির্বাচনে রাজশাহীর একটি আসন চায়। আর সে কারণে চাপ সৃষ্টি করতেই হয়তো তারা প্রার্থী দিয়েছে। কিন্তু বিএনপির প্রার্থীকে জয়ী করতে চাইলে জামায়াতের উচিত প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া।
মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। এ বিষয়ে জানতে চাইলে মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবু মুহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচন করব বলেই প্রার্থী দিয়েছি।’
১৮-দলীয় জোটের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ সেলিম বলেন, ‘কেন্দ্রে বিএনপির সঙ্গে আমাদের একটি জোট অবশ্য রয়েছে। তবে এখনো তারা কোনো সিদ্ধান্ত দেয়নি। সিদ্ধান্ত দিলে তখন দেখা যাবে।’
প্রার্থী নিয়ে বিএনপি-জামায়াতের এই টানাপোড়েনের মধ্যে সুবিধাজনক অবস্থায় আছেন নাগরিক কমিটির প্রার্থী এইচ এম খায়রুজ্জামান। এখানে আওয়ামী লীগ বা জোটের অন্য কোনো প্রার্থী নেই। বরং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ ১৪ দলের সব নেতা-কর্মীই একসঙ্গে কাজ করছেন।
নাগরিক কমিটির সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সফিকুল আলম বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আমরা নাগরিক কমিটি কাজ করেছি। এবারও সেই কমিটি আছে। আমাদের সঙ্গে ১৪ দলের নেতা-কর্মীরাও আছেন। সবাই সম্মিলিতভাবে কাজ করছি। জয়ের ব্যাপারে আমরা পুরোপুরি আশাবাদী।’
এই চারজন ছাড়াও মীর মোজাম্মেল হক ও হাবিবুর রহমান নামের দুজন প্রার্থী নির্বাচন করছেন। তবে তাঁদের কোনো দলীয় পরিচয় নেই।