বিএনপির দুই নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় কোরবান আলী (৪৫) নামে বিএনপির এক নেতাকে সন্ত্রাসীরা গত শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। একই দিন নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপির অপর এক নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। কোরবান আলী হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার তাঁর লাশ নিয়ে যশোর জেলা শহরে মিছিল বের করে জেলা বিএনপি। কোরবান আলী বলিদাদহ গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি শার্শা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও শার্শা থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শার্শা উপজেলার নাভারন বাজার থেকে বাড়ি ফেরার পথে খালপাড় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত কোরবান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে তারা পাঁচ-ছয়টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে কোরবান আলীর লাশ দেখতে পায়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ যশোর ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে জেলা বিএনপির উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালদীঘিপাড়ের বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, কোরবান আলীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় গতকালই কোরবান আলীর স্ত্রী ফাহিমা বেগম শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বলিদাদহ গ্রামের আবদুর রাজ্জাক (৫২), মফিজুর রহমান (৫০), মশিয়ার রহমান (৪০), ইবাদুল (৩২) ও টিপুকে (৩৫) এ মামলার আসামি করা হয়েছে।বলিদাদহ গ্রামের আবদুর রাজ্জাকের পরিবারের সঙ্গে কোরবান আলীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রাজ্জাক আওয়ামী লীগের আর কোরবান আলী বিএনপির সমর্থক। এ বিরোধের জের ধরে বছর দুয়েক আগে আবদুর রাজ্জাকের ভাই সিরাজুল ইসলাম ও কোরবান আলীর চাচাতো ভাই লিয়াকত আলী নৃশংসভাবে খুন হন। শার্শা থানার ওসি জানান, নিহত কোরবান আলী ছিলেন সিরাজুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে রাজ্জাক ছিলেন লিয়াকত আলী হত্যা মামলার আসামি।গুরুদাসপুরে নিহত বিএনপির নেতার নাম মমিন আলী মণ্ডল (৫৫)। তিনি উপজেলা বিএনপির সদস্য। মামলা তুলে না নেওয়ায় প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।মমিনের ছোট ভাই মজিদ মণ্ডল ও সাইদুল অভিযোগ করেন, প্রায় এক বছর আগে আফতাব, মহাতাব, আলাল ও জালালসহ ৯-১০ জন মমিনের ছেলে রফিকের হাত ভেঙে দেয়। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনায় মামলার আসামিরা মমিনের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ওই রাতেই মমিন খুন হয়।এ ব্যাপারে জালাল উদ্দিন দাবি করেন, তিনি ঢাকায় চাকরি করেন। ছুটিতে বাড়ি এসে জানতে পারেন মমিন খুন হয়েছেন। এ ঘটনায় তিনি জড়িত নন।