বিএনপির দুই নেতা পাঁচ মাসেও উদ্ধার হননি
কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. সাইফুল ইসলাম ওরফে হিরু এবং পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির পারভেজের নিখোঁজের পাঁচ মাস পূর্ণ হলো গতকাল রোববার।
হিরু-হুমায়ুুন ফিরে আসবেন—এই আশায় প্রতীক্ষার প্রহর গুনছেন তাঁদের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা। কিন্তু তাঁরা বেঁচে আছেন—এমন কোনো তথ্য এত দিনেও দিতে পারেনি পুলিশ।
এদিকে নিখোঁজ দুই নেতার সন্ধান দাবিতে গতকাল লাকসাম শহরের দলীয় কার্যালয়ের সামনে লাকসাম উপজেলা, পৌরসভা এবং নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ শাখা ছাত্রদল যৌথ উদ্যোগে অনশন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে নিখোঁজ হুমায়ুনের ছোট ভাই গোলাম ফারুক, লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, উপজেলা ছাত্রদল সভাপতি মাসুদ রানা, পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুক, কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক আলাউদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বেলা দুইটার দিকে নিখোঁজ হুমায়ুন কবিরের বাবা রঙ্গু মিয়া (৭৮) অনশনকারীদের শরবত পান করিয়ে অনশন ভাঙান। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে আকুতি জানিয়ে বলেন, ‘দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন।’
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত বছর ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে লাকসাম থেকে ঢাকায় যাওয়ার পথে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির এবং একই কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ‘লাকসাম ফেয়ার হেলথ’ নামের একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে ঢাকা যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর এলাকায় পৌঁছালে র্যাব পরিচয়ে সাদাপোশাকধারী কিছু লোক অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। তারা বিএনপির ওই তিন নেতাকে আটক করে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ওই দিন রাত প্রায় সাড়ে ১২টার দিকে র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর উপসহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান আলী মো. জসিম উদ্দিনকে লাকসাম থানায় সোপর্দ করলেও অপর দুজনকে হস্তান্তর করেননি।