বিএনপির দুই নেতাকে পিটুনি, সাংবাদিকদের লাঞ্ছনা
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য নজরুল ইসলাম মোল্লা ও তাঁর চাচাতো ভাই চুন্নু মোল্লাকে বেদম মারধর করা হয়েছে। ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান আজিজুল হকের ছোট ভাইয়ের নেতৃত্বে সোমবার রাতে এ হামলা হয়। এ সময় সাংবাদিকদের ওপরও হামলা করা হয়।
সাংবাদিকদের ওপর হামলা এবং তাঁদের লাঞ্ছিত করার ঘটনায় ওই রাতেই রিপন ও মনির নামের দুজনকে আসামি করে বরগুনা থানায় মামলা করা হয়েছে। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় স্থানীয় যুবকেরা সোমবার বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। এতে বিএনপির নেতা নজরুল ইসলাম মোল্লাকে প্রধান অতিথি করা হয়। এতে ক্ষুব্ধ হন আজিজুল হক। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাত আটটার দিকে বরগুনা প্রেসক্লাবের পাশের গলিতে একটি মুরগির খাবারের দোকানে আজিজুলের ভাই রিপনের নেতৃত্বে ১০-১২ জন যুবক নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে বেদম প্রহার করা হয়। এ সময় এগিয়ে এলে জেলা বিএনপির সদস্য চুন্নু মোল্লাকেও পিটিয়ে জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় দুজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আটটার দিকে রিপন ও তাঁর সহযোগীরা আবার ওই এলাকায় আসেন এবং পুলিশের উপস্থিতিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান।
এ সময় ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে রিপনের নেতৃত্বে তাঁরা এসএ টিভির বরগুনা প্রতিনিধি নুরুজ্জমান ফারুক, জি টিভির প্রতিনিধি জাফরুল হাসান, দেশ টিভির রিয়াজ আহমেদকে লাঞ্ছিত করেন এবং তাঁদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সহকর্মীদের বাঁচাতে এগিয়ে এলে বৈশাখী টিভির প্রতিনিধি মিজানুর রহমান ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীনের ওপর তাঁরা চড়াও হন। পরে জনতা প্রতিরোধ গড়ে তোলে এবং রিপনকে ধাওয়া করে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিছুক্ষণ পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
এ ঘটনায় রাতেই বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ দ্রুত বিচার আইনে রিপন ও মনিরের নাম উল্লেখ করে আজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে মামলা করেন। রাত দেড়টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে পালানোর সময় বরিশালের বাকেরগঞ্জ থেকে রিপন ও মনিরকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মোল্লা বলেন, আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় বিশাল ক্যাডার বাহিনী বানিয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল হক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁর অপকর্মে কেউ বাধা দিলে তাঁদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মারধর করাসহ নানাভাবে দমনপীড়ন করছেন। এর প্রতিবাদ করতে গেলে নজরুল ইসলাম মোল্লা ও চুন্নু মোল্লার ওপর হামলা হয়।
আজিজুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নজরুল ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। সোমবার দুপুরে আমার ওপর সন্ত্রাসী লেলিয়ে হামলার পাঁয়তারা চালিয়েছেন।’