বিএনপির দুই নেতাকে মারধরের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ছেলেসহ কয়েকজন মিলে বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় নিয়োজিত দুই কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ হামলা হয়।
বিএনপির মেয়র প্রার্থী রাজিউর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকরামুল হক অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিএনপির পৌর শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে রাজা পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদকে নিয়ে ভাকুড়া মহল্লায় যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা শহরের অলিম্পিয়া রাইস মিলের পশ্চিম পাশে ভাকুড়া মহল্লায় প্রবেশের রাস্তায় ওঠেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী কশিরুল আলমের ছেলে নবাব ও ভাকুড়া গ্রামের আবদুল করিমের ছেলে রিপনসহ কয়েকজন তাঁদের পথ রোধ করেন। কিলঘুষি মারাসহ টেনেহিঁচড়ে তাঁদের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
আওয়ামী লীগের প্রার্থীর ছেলে নবাব বলেন, ‘ওরা ভাকুড়া চাফালু বস্তিতে ভোটারদের দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছিলেন। মহল্লার ভোটারকে টাকা দেওয়ার চেষ্টা করতেই আমরা টের পেয়ে তাঁদের তাড়া করি।’ তবে তিনি কাউকে মারধর করেননি বলে দাবি করেন।
বিএনপির পৌর শাখার সম্পাদক রেজাউর করিম বলেন, ‘আমি প্রচারণা চালাতে ওই মহল্লার দিকে যাচ্ছিলাম। টাকা দেওয়ার জন্য যাইনি।’