চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে সহিংস ঘটনার জন্য বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যকে দায়ী করেছে তদন্ত কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা হয়। গত বছরের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-সমর্থিত মেয়রপ্রার্থী মন্জুর আলমের কাছে আওয়ামী লীগ-সমর্থিত মহিউদ্দিন চৌধুরী ৯৫ হাজার ৫১৮ ভোটের ব্যবধানে হেরে যান। সেদিন কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে বিলম্ব হওয়ায় রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে সহিংস ঘটনা ঘটে। এ জন্য নির্বাচন কমিশন ২২ জুন তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেয়। এক সদস্যবিশিষ্ট এই কমিশনের সদস্য করা হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ জহুরুল হককে। ২১ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ভোট গ্রহণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে উত্তেজক বক্তব্য দেন। নির্বাচনী ফল ঘোষণার একপর্যায়ে নির্বাচনের ফল বদলে যেতে পারে বলে তাঁরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বক্তব্য দেন। এতে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাঁরা রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে বিক্ষোভ করেন।প্রতিবেদনে আরও বলা হয়, দুই নেতা গণমাধ্যমে এ ধরনের বক্তব্য না দিলে সহিংসতা এড়ানো যেত। তদন্ত কমিশন ভবিষ্যতে প্রার্থী ও দলীয় নেতাদের গণমাধ্যমে আগাম বক্তব্য না রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। এ নিয়ে কমিশন আলোচনাও করেছে। এতে সহিংসতার জন্য বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার বক্তব্যকে দায়ী করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কারও বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা ঘটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, তা কমিশন বিবেচনা করে দেখবে।’