বিএনপির দুই নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেনের বহিষ্কারাদেশ ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঈশ্বরদী পৌর বিএনপির নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পৌর বিএনপির নেতা-কর্মীরা হুঁশিয়ার করে দেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে সব নেতা-কর্মী গণপদত্যাগ করবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাবনা জেলা বিএনপি গঠনতন্ত্রের বাইরে গিয়ে জাকারিয়া পিন্টু ও ইসলাম হোসেনকে বহিষ্কার করেছে। দলের ত্যাগী ও সংগ্রামী নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ঈশ্বরদী পৌর বিএনপি নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে, দল আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে। তিনি ছয় বছর ধরে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতা-কর্মীদের নেতৃত্ব দিয়েছেন। ফলে তিনি অসংখ্য মামলা-মোকদ্দমায় জর্জরিত হয়ে পড়েন। কিন্তু জেলা কমিটি অগণতান্ত্রিকভাবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনে ‘তথাকথিত বহিষ্কার’ করেছে। বক্তারা কেন্দ্রীয় কমিটির কাছে ৪৮ ঘণ্টার মধ্যে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সহসভাপতি জাহিদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি সুমার খান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম মোস্তফা প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি-মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার পাবনা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক চিঠিতে জাকারিয়া পিন্টু ও ইসলাম হোসেনকে ঈশ্বরদী পৌর বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।