বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় ঈদের বিশেষ ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা হলেন: লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি ও লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নলদী ইউপির চেয়ারম্যান আছাদউজ্জামান মোল্লা। গত বুধবার রাতে লাহুড়িয়া ইউনিয়নের তত্ত্বাবধায়ক কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মজিবর রহমান এবং নলদী ইউনিয়নের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আবদুল বাকী পৃথকভাবে লোহাগড়া থানায় মামলা দুটি দায়ের করেন। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মজিবর রহমান বলেন, ‘যাচাই করে ইউনিয়ন পরিষদে চার মেট্রিক টন ভিজিএফের চাল কম পাওয়া গেছে। এর ১৫ বস্তা (৭৫০ কেজি) চাল নলদী বাজারের রমেশ চন্দ্র দাসের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে। এ জন্য ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে লাহুড়িয়া ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আবদুল বাকী বলেন, ‘২৪ বস্তা (এক হাজার ১২০ কেজি) চাল নলদী বাজারের ইমারত শেখের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশের তথ্যের ভিত্তিতে নলদী ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ চাল ব্যবসায়ী রমেশ চন্দ্র দাস বলেন, ‘দেশি ধান কিনে চাল তৈরি করে বাজারে বিক্রি করি। সেই চাল ১৯ আগস্ট নলদী ফাঁড়ির পুলিশ জব্দ করে নিয়ে গেছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র।’ ইমারত শেখ বলেন, ‘চালের ব্যবসা করি, কিন্তু ইউনিয়ন পরিষদের চাল জীবনেও কিনিনি। ইউপি চেয়ারম্যানকে শায়েস্তা করতে উদ্দেশ্যমূলকভাবে গত মঙ্গলবার আমার ব্যবসায়িক চাল জব্দ করা হয়েছে।’ লাহুড়িয়া ইউপির চেয়ারম্যান জি এম নজরুল ইসলাম বলেন, ‘আমার অপরাধ, আমি বিএনপির নেতা। কোনো চাল আত্মসাতের ঘটনা ঘটেনি। আমাকে হয়রানি করতে এ মামলা করা হয়েছে।’ নলদী ইউপির চেয়ারম্যান আছাদউজ্জামান মোল্লা বলেন, ‘সব ইউপি সদস্যের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট সবার স্বাক্ষর রয়েছে। বিএনপি করি, তাই ট্যাগ অফিসারকে বাধ্য করে ষড়যন্ত্রমূলক এ মামলা করা হয়েছে।’ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চাল জব্দ করা হয়েছে। ট্যাগ অফিসাররা মামলা করেছেন, তাই মামলা নেওয়া হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ উজ্জামান বলেন, ‘থানায় মামলা হয়েছে। তদন্তে মূল বিষয় বের হয়ে আসবে।’