পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা ইউনুচ তালুকদারের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
চট্টগ্রামের আইনজীবী সুভাষ বড়ুয়ার করা মামলায় বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালত আগামী ১৬ সেপ্টেম্বর গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও ইউনুচ তালুকদারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাব এবং ২৮ জুলাই রাঙ্গুনিয়ার রোয়াজার হাট বাসস্ট্যান্ডে আসামিরা পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে কটাক্ষ করে বক্তব্য দেন। এ কারণে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক সুভাষ বড়ুয়া গতকাল গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও ইউনুচ তালুকদারের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে মামলা করেন।
আরজিতে বলা হয়, হাছান মাহমুদকে দুর্নীতিপরায়ণ মন্ত্রী হিসেবে মন্তব্য করেন আসামিরা। মন্ত্রীর মনোনীতি ঠিকাদারেরা চট্টগ্রামের প্রতিটি জাহাজভাঙা শিল্প ও ইটভাটা থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করেন। নয়টি বেসরকারি সংস্থার মাধ্যমে জলবায়ু তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে। এসব এনজিওর সভাপতি হলেন হাছান মাহমুদ। মন্ত্রী এই সুযোগে জলবায়ু তহবিলের অর্থ আত্মসাৎ করেন। জাহাজমালিকেরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই হাছান মাহমুদকে টাকা দিয়ে জাহাজ কাটছেন। হাছান মাহমুদ তাঁর ভাইয়ের মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রতি ইটভাটা থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নেন—এই মনগড়া ও মিথ্যা বক্তব্য দিয়ে হাছান মাহমুদের সম্মানহানি ঘটানো হয়েছে। এতে লাখ লাখ ভক্ত ও ভোটারের অপূরণীয় মানহানি হয়েছে। তাই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
সুভাষ বড়ুয়ার আইনজীবী নিখিল কুমার নাথ প্রথম আলোকে বলেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও তাঁর সহযোগী ইউনুচ তালুকদার অসত্য ও কুৎসা রটিয়ে হাছান মাহমুদের মানহানি ঘটিয়েছেন। এ কারণে মামলাটি আমলে নিয়ে আদালত আসামিদের ১৬ সেপ্টেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন।