বিএনপির দুই নেতার রিট শুনানিতে বিব্রত হাইকোর্টের এক বেঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞার করা রিটের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি এ বিব্রতবোধ করেন। পরবর্তী নির্দেশের জন্য আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।জানা যায়, রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য শাহ মোয়াজ্জেম ও রফিকুল ইসলাম মিঞাকে গত ২৯ জুলাই নোটিশ দেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিশ্বাস। এ নোটিশে তাঁদের আজ মঙ্গলবার সকালে হাজির হতে বলা হয়। নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির ওই দুই নেতা রিট করেন। তাঁদের পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা নোটিশের কার্যকরতার ওপর স্থগিতাদেশ চান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এর বিরোধিতা করেন।মুরাদ রেজা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কোনো স্থগিতাদেশ না থাকায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে। তবে এম বদরুদ্দোজা বলেন, বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। এটি বিচারাধীন থাকায় তাঁদের আজ পুলিশ কার্যালয়ে যেতে হবে না।