ভোলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থীর পরাজয়ের কারণে দলটির দুই পক্ষের মধ্যে গত শুক্র এবং গতকাল শনিবার কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষ আরেক পক্ষকে নির্বাচনে পরাজয়ের জন্য দায়ী করায় এসব ঘটনা ঘটছে। এ জন্য এক পক্ষ গতকাল শনিবার অন্য পক্ষকে দায়ী করে তাদের দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিএনপির মেয়র পদপ্রার্থীর বিপক্ষ রশিদ-রাইসুল পক্ষের দাবি, প্রতিপক্ষের লোকজন বেশি টাকা খরচ করেছে ও প্রচারণা চালিয়েছে। এ ছাড়া জনবিচ্ছিন্নতাই বিএনপির প্রার্থীর পরাজয়ের মূল কারণ। কিন্তু মেয়র প্রার্থীর ঘনিষ্ঠ পক্ষের নেতারা অভিযোগ করেন, বিএনপির বড় একটি অংশ তাঁদের প্রার্থীর পক্ষে জনসংযোগ না করে নীরব থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। এ কারণে বিএনপি হেরেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে আটটায় দলীয় কার্যালয়ে বিএনপির মেয়র প্রার্থীর পরাজয়ের কারণ পর্যালোচনা সভায় বক্তারা পরাজয়ের জন্য জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি আমিনুল ইসলাম খান, ভোলা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ একাধিক জ্যেষ্ঠ নেতাকে দায়ী করেন। এ সময় বিএনপির কার্যালয়ে হারুনুর রশিদ প্রবেশ করলে উত্তেজিত কর্মীরা তাঁকে মারধর করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে ওই রাতে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের সেলিম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফাসহ সাতজন আহত হন।গতকাল শনিবারও বিএনপির দুই পক্ষের মধ্যে ভোলা সদর রোড, কালীনাথ বাজার ও তিন খাম্বা এলাকায় কয়েক দফা সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনে বিএনপির নিষ্ক্রিয় কর্মীদের বহিষ্কারের দাবি জানিয়ে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষের লোকজন শহরে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছেন।সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থী গোলাম নবী আলমগীর ও তাঁর ঘনিষ্ঠজনেরা যে অভিযোগ করছেন, তা ঠিক নয়। আমরা সাধ্যমতো তাঁর পক্ষে গণসংযোগ করেছি।’ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, বিএনপির মেয়র প্রার্থী গোলাম নবী এবং জেলা বিএনপির নেতা মো. ফারুক মিয়া ও তাঁর ঘনিষ্ঠজনেরা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাঁরা তাঁদের নিষ্ক্রিয় করে রেখেছেন। তাঁরাই দলের কর্তৃত্ব করছেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো ফারুক মিয়া জানান, দলের জ্যেষ্ঠ নেতাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার অভিযোগ ঠিক নয়। কারণ, ভোলা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব রাইসুল আলম; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব আমিনুল ইসলামকে এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্ব হারুনুর রশিদকে দেওয়া হয়েছে।জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, গত দুই দিন যে উত্তেজনা চলছে, তা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। এটা ঠিক হয়ে যাবে।ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় দুই পক্ষ দুটি অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।