বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, ভাঙচুর, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় গতকাল শনিবার স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা ভাঙচুর করেন বেশ কয়েকটি যানবাহন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে এ ঘটনা ঘটে। বিএনপির নেতারা খোন্দকার দেলোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পাচুরিয়ায় গিয়েছিলেন। সংঘর্ষের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে তাঁরা ঢাকায় ফিরে যান।পুলিশ ও প্রত্যক্ষদর্শীসহ দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, মির্জা ফখরুল গতকাল বেলা সোয়া দুইটার দিকে মানিকগঞ্জে পৌঁছালে ঢাকা-আরিচা মহাসড়কের তরা টোল প্লাজা এলাকায় তাঁকে স্বাগত জানান জেলা বিএনপির নেতা তোজাম্মেল হক ও তাঁর অনুসারীরা। এরপর তোজাম্মেল তাঁর অনুসারীদের নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে মির্জা ফখরুলকে পাচুরিয়ায় নিয়ে যান। এর আগেই পাচুরিয়ায় উপস্থিত হন বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সামসুজ্জামান, দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সোহরাব হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা আড়াইটার দিকে মির্জা ফখরুলকে পাচুরিয়ায় পৌঁছে দিয়ে তোজাম্মেলের পক্ষে স্লোগান দিতে থাকেন সমর্থকেরা। এ সময় খোন্দকার দেলোয়ারের সমর্থক নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তোজাম্মেলের সমর্থকদের ওপর হামলা চালান। তোজাম্মেলের সমর্থকেরাও লাঠিসোঁটা নিয়ে দেলোয়ারের সমর্থকদের ওপর পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে এক পক্ষ আরেক পক্ষকে দফায় দফায় ধাওয়া দেয়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই উভয় পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। নেতা-কর্মীরা কয়েকটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন।সংঘর্ষের একপর্যায়ে বেলা তিনটার দিকে তোজাম্মেলের সমর্থকেরা পিছু হটে শিবালয়ের বরঙ্গাইল এলাকায় অবস্থান নেন। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিলুর রশীদ খান প্রথম আলোকে বলেন, স্লোগান দেওয়া নিয়ে দেলোয়ার হোসেনের বাড়ির বাইরে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মূল দলের কোনো নেতা ওই ঝামেলায় জড়িত ছিলেন না।তবে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনোয়ার হোসেন অভিযোগ করেন, তোজাম্মেল হক প্রয়াত নেতা দেলোয়ার হোসেনের বড় ছেলে খোন্দকার আকবর হোসেনের সঙ্গে অশালীন আচরণ করলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরেই সংঘর্ষ হয়। অভিযোগ অস্বীকার করে তোজাম্মেল হক পাল্টা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই দেলোয়ারের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তাঁর অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ-উল-ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। দীর্ঘদিন ধরেই মানিকগঞ্জ জেলা বিএনপি খোন্দকার দেলোয়ার, হারুন-অর-রশীদ ও তোজাম্মেল হক—এই তিন ধারায় বিভক্ত। এই বিভক্তির কারণে ১৯৯৮ সাল থেকে মানিকগঞ্জে বিএনপির কোনো কমিটি নেই।