বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করার সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত ও তিনটি ঘর ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পোরজনা ইউনিয়ন বিএনপির সদস্য মনিরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার পুলিশ ও দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শাহজাদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী এম এ মুহিতের নেতৃত্বে দলের একটি মিছিল শাহজাদপুর পৌর শহরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় যায়। এর পরপরই কিছু নেতা-কর্মী শাহজাদপুর উপজেলা যুবদলের সভাপতি ফিরোজ হাসানের নেতৃত্বে আরেকটি মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রগতি ক্লাবের কাছে এলে বিসিক বাসস্ট্যান্ডে থাকা আগের মিছিলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপির নেতা মনিরুল ইসলাম, বাবু মিয়াসহ পাঁচজন আহত এবং তিনটি ঘর ভাঙচুর করা হয়।
শাহজাদপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম জানান, মিছিল চলাকালে একটু ভুল বোঝাবুঝি হওয়ায় এ ঘটনা ঘটেছে।
শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, ‘পেছনের মিছিলটি আওয়ামী লীগের মনে করে আমাদের কিছু কর্মী হামলা করেছিল। পরে বিষয়টি জানার পর পিছু হটে আসে।’
শাহজাদপুর থানার ওসি শামীম ইকবাল বলেন, বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।