বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামে গতকাল মঙ্গলবার বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় এক পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। অগ্নিসংযোগ করা হয় তিনটি মোটরসাইকেলসহ চারটি গাড়ি ও নামাজের স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের পশ্চিমগাঁও সামনীরপুল এলাকায় উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সাইফুল ইসলাম পক্ষের কর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির আহমদের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পথচারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। আহত ১১ জনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে সাইফুল ইসলামের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠান সোহাগ মৎস্যবীজ উৎপাদন খামারে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা এই প্রতিষ্ঠানের তিনটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস এবং নামাজ পড়ার স্থানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হন। একটি সূত্র জানায়, গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে একটি মামলার তদন্তসংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির দুই পক্ষের সমর্থকের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’ মজির আহমদ প্রথম আলোকে বলেন, ‘পেন্টাগন’ বাহিনী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বলে তিনি ঢাকায় বসে জানতে পেরেছেন। এ ব্যাপারে তিনি ঢাকা থেকে ফিরে মামলা করবেন। এ ব্যাপারে কথা বলতে সাইফুল ইসলামের মুঠেফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।