বিএনপির দুই পক্ষের একই কর্মসূচি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলা ও সাম্প্রতিক সময়ে গণহত্যার প্রতিবাদে এবং কেন্দ্রীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নরসিংদী জেলা বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির ত্যাগী নেতা-কর্মীর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে শহরের গোলাপ চত্বরে একই কর্মসূচি পালন করে জেলা বিএনপি।বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীতে ২০০৪ সাল থেকে বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও জেলা শাখার সভাপতি খায়রুল কবির এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। খায়রুলের বিরোধীরা বিদ্রোহী পক্ষ হিসেবে পরিচিত। যাঁরা নিজেদের দলের ত্যাগী নেতা-কর্মী হিসেবে পরিচয় দেন। ত্যাগী নেতা-কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী। তাঁকে সমর্থন দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এরই ধারাবাহিকতায় পৃথকভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা। গতকালের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মিয়া মোহামঞ্চদ সেলিম, বিএনপির শহর শাখার সাবেক সভাপতি বাবুল সরকার, নরসিংদী সরকারি কলেজ সংসদের সাবেক সহসভাপতি ইলিয়াছ ভূঁইয়া, যুবদলের নেতা সরোয়ার মৃধা, আকতার চৌধুরী প্রমুখ।