বিএনপির দুই পক্ষের একই স্থানে সভা আহ্বান, ১৪৪ ধারা
পটুয়াখালীর দশমিনায় একই সময়ে একই স্থানে উপজেলা বিএনপির দুই পক্ষ সভা আহ্বান করায় গত মঙ্গলবার রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। উভয় পক্ষ গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা শহরের পুরাতন সোনালী ব্যাংক চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা বিএনপি ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দুই ভাগে বিভক্ত উপজেলা বিএনপি। জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফার পক্ষে রয়েছেন বর্তমান আহ্বায়ক আবদুল আলিম তালুকদার। এই পক্ষ গতকাল সকাল ১০টার দিকে উপজেলা শহরের পুরাতন সোনালী ব্যাংক চত্বরে দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করে। এদিকে ওই আসনের সাবেক সাংসদ শাহজাহান খানের পক্ষে রয়েছেন উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি আবদুর রহিম ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান। এই পক্ষও একই সময়ে একই স্থানে ঈদ পুনর্মিলনী সভা আহ্বান করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার রাতে সভাস্থল ও আশপাশ এলাকায় গতকাল সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরে গোলাম মোস্তফা গ্রুপ ঘোষিত সভাস্থল থেকে আধা কিলোমিটার দূরে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আলিম তালুকদারের বাড়িতে দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া। এ ছাড়া জেলা সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান সম্মেলনে উপস্থিত ছিলেন। তবে ১৪৪ ধারা জারি করায় শাহজাহান খান পক্ষের লোকজন তাঁদের পূর্বঘোষিত অনুষ্ঠান স্থগিত করেন।
দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।