বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়ে চলেছে। গত বৃহস্পতি ও শুক্রবার দুটি উপজেলায় ইফতার অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ হয়।
বিবদমান দুটি পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি এমদাদুল হক ভরসা ও জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নতুন কমিটির সহসভাপতি শিরীন মমতাজ ভরসা।
বিরোধী পক্ষের নেতৃত্বে থাকা মমতাজ শিরীন ভরসা নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘যাঁদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে তাঁদের অধিকাংশ রংপুরে রাজপথের আন্দোলনের সঙ্গে ছিলেন না। রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যাঁদের সম্পর্ক ভালো, তাঁদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আমরা মানি না। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা বলেন, ‘যাঁরা দলের মঙ্গল চান না, তাঁরাই বিভিন্ন স্থানে হামলা করছেন। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। এভাবে বিরোধ থাকলে আন্দোলন-সংগ্রামে পিছিয়ে পড়তে হবে।’ তিনি জেলা কমিটির প্রতি আস্থা রেখে দলমত-নির্বিশেষে নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
গত ৬ জুন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মোজাফ্ফর হোসেনকে সভাপতি ও শামসুজ্জামান সামুকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়। উভয় কমিটি ১০১ সদস্যবিশিষ্ট। এই কমিটি গঠনের পর থেকেই দুই পক্ষের বিরোধ চরমে ওঠে।
দলের একাধিক সূত্র জানায়, শুক্রবার মিঠাপুকুর উপজেলায় বিএনপি ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি অংশ হামলা চালিয়ে টেবিল-চেয়ার ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ কে এম রুহুল উল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে। এ ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
নেতাদের প্রতিহত করতে বিরোধী পক্ষ এ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন নতুন কমিটির সভাপতি।
এর আগের দিন বৃহস্পতিবার তারাগঞ্জ উপজেলায় ইফতার অনুষ্ঠানে নতুন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বিরোধী পক্ষ বিক্ষোভ সমবেশ করে।
এদিকে জেলা বিএনপির সভাপতির হারাগাছের বাসায় ইফতার করে ফেরার পথে বিরোধী পক্ষের হামলার শিকার হয়েছেন কয়েকজন নেতা-কর্মী। গত মঙ্গলবার বদরগঞ্জেও ইফতার অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে একই ধরনের হামলার ঘটনা ঘটে।
জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে কিছু নেতা কমিটি বাতিলের দাবিতে জেলা শহরে মানববন্ধন, প্রতীকী অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাঁরা নতুন কমিটির নেতাদের প্রতিহত করার ঘোষণা দেন। এ বিরোধ উপজেলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এদিকে নতুন কমিটি জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে। এর আগে শহরের প্রেসক্লাব ও শাপলা চত্বরে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। সদ্য ঘোষিত মহানগর কমিটির সভাপতির ভাতিজা ও যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদকের জিপগাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।