বিএনপির দুই পক্ষের ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর পৌরসভায় নির্বাচনে মেয়র পদে মনোনয়নবঞ্চিত এক বিএনপি নেতার সমর্থকেরা দলীয় মনোনয়ন পাওয়া অপর নেতার সমর্থকের ওপর চড়াও হয়েছেন। এতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও ইসলামপুর পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদিন পৌর শহরে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়েছেন। মেয়র পদে বিএনপির মনোনয়ন পেতে দুজনই কেন্দ্রীয় নেতাদের কাছে জোর তদবির করেছেন। কিন্তু গত বুধবার রাতে কেন্দ্রীয়ভাবে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় রেজাউল করিমকে। এতে জয়নাল আবেদিনের সমর্থকেরা ক্ষুব্ধ হয়। মনোনয়ন না পাওয়ায় জয়নাল আবেদিনের শতাধিক সমর্থকর আজ দুপুরে ১২টার দিকে থানা মোড়ে সভা করছিলেন। একপর্যায়ে তাঁরা বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিমের সমর্থকদের ওপর চড়াও হন। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিএনপি মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, মনোনয়ন না পাওয়ায় তাঁদের নিজেদের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়েছি।
বিএনপি নেতা জয়নাল আবেদিন দাবি করেন, ‘আমার বিপুল জনপ্রিয়তা থাকার পরও একশ্রেণির নেতা অর্থ লেনদেনের মাধ্যমে রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। এটা ইসলামপুর বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা মনে নিতে পারছেন না। আজ থানার মোড়ে বিএনপির একটি সভায় আমার ক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে।’