বিএনপির দুই পক্ষের নেতা কর্মীদের হাতাহাতি
একই স্থানে ইফতার অনুষ্ঠানের আয়োজনের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গতকাল শুক্রবার হাতাহাতি হয়েছে। পরে ওই এলাকায় ইফতার অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ।পুলিশ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার চারগাছ বাজারে মূলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিন্টু মহাজনের অনুসারী এবং সাবেক সভাপতি বোরহান মহাজনের অনুসারী নেতা-কর্মীরা গতকাল ইফতার অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নেন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চারগাছ বাজার ও আশপাশের এক কিলোমিটার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দেয় কসবা থানার পুলিশ। মিন্টু মহাজনের অনুসারী নেতা-কর্মীরা চারগাছ গ্রামে ও বোরহান মহাজন অনুসারী নেতা-কর্মীরা শ্যামবাড়ী গ্রামে ইফতারের আয়োজন করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।