বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি
পিরোজপুর সদর উপজেলা বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের রয়েল কমিউনিটি সেন্টারে এক পক্ষের সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান। পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন মল্লিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। সম্মেলন শেষে মহিউদ্দিন মল্লিক সভাপতি, গাজী ওয়াহিদুজ্জামান সাধারণ সম্পাদক ও গাজী তোফাজ্জেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি নতুন ঘোষণা করা হয়।
অপরদিকে সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান। পিরোজপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি শাহাদাৎ হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এমডি লিয়াকত আলী শেখ।
বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে নাসির উদ্দিন সভাপতি, কামাল উদ্দিন খান সাধারণ সম্পাদক ও বাবুল খানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্র জানায়, পিরোজপুর জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং অপর পক্ষে রয়েছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খানসহ জেলা কমিটির পাঁচজন সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক।