বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর বিরোধীরা গতকাল শুক্রবার একই স্থানে সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
জানা গেছে, নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বদরুল মোমেনের সমর্থনে কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয় খেলার মাঠে গতকাল বেলা তিনটায় জনসভার আয়োজন করা হয়। এদিকে দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা না করে প্রার্থী বাছাইয়ের প্রতিবাদে দলের বড় একটি অংশ একই সময়ে ওই স্থানে সমাবেশ ডাকে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান গতকাল শুক্রবার বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
ফলে কোনো পক্ষই নির্ধারিত স্থানে অনুষ্ঠান করতে পারেনি। তবে জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে বদরুল মোমেনের সমর্থনে দামপাড়া আশরাফের রাইস মিলের সামনে পথসভা হয়।