বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ ঈশ্বরদী থানায় পাল্টাপাল্টি মামলা করেছে।
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা গেছে, গত শুক্রবার রাতে থানায় প্রথম মামলাটি করেন বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমানের ভাতিজা ছাত্রদলের কর্মী তৌহিদুল ইসলাম। এ মামলায় হাবিবের প্রতিপক্ষ বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদারের সমর্থক সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু সরদারসহ ১০ জন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। তাঁরা সবাই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
ওই রাতেই পাল্টা মামলাটি করেন সিরাজুল ইসলামের সমর্থক সেন্টু সরদার। তাঁর মামলায় সিরাজুল ইসলামের প্রতিপক্ষ হাবিবুর রহমানের সমর্থক ঈশ্বরদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল সরদারকে প্রধান ও অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জন ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের ১১ নেতা-কর্মীকে আসামি করা হয়।
পুলিশ জানায়, পাল্টাপাল্টি মামলায় এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে মারামারি, বোমা হামলা, গুলিবর্ষণ, রাস্তা অবরোধসহ অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, দুই মামলা সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান ও সিরাজুল ইসলাম সরদারের সমর্থককেরা ১০ ও ১১ নভেম্বর সাহাপুর ইউনিয়নের নতুন হাট মোড়ে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেন। ওই সময় ওই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে হাবিবের ভাতিজা যুবদলের কর্মী নিশান গুলিবিদ্ধ হন। এ ছাড়া সেন্টু সরদারের মিছিলে অংশ নেওয়া যুবদলের কর্মী আতর আলী বোমার আঘাতে আহত হন।