রংপুরে বিএনপির বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে যুবদলের সাবেক এক নেতার জিপ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নতুন জেলা ও মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নতুন কমিটির বিরোধী পক্ষ দলের রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে৷
বিকেল চারটার দিকে প্রেসক্লাবের সামনে বিএনপির সুবিধাজনক পদবঞ্চিত নেতাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে প্রেসক্লাব এলাকা থেকে আধা কিলোমিটার দূরে শহরের শাপলা চত্বরে সদ্যঘোষিত কমিটির সমাবেশ হয়।
সমাবেশ চলাকালে প্রেসক্লাবের পাশে চাউল আমোদ রোডে সদ্যঘোষিত মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের ভাতিজা ও জেলা যুবদলের সাবেক (বহিষ্কৃত) ক্রীড়া সম্পাদক কামাল হোসেনের একটি জিপ গাড়িতে বিরোধী পক্ষের কর্মীরা আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে মারধরও করা হয়।
সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নতুন কমিটির সহসভাপতি মমতাজ শিরীন ভরসা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির নতুন কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ও রইস আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্যঘোষিত জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী প্রমুখ।
বক্তারা নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘যাঁদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, তাঁদের অধিকাংশ রংপুরে রাজপথের আন্দোলনে ছিলেন না। রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত আসাদুল হাবিবের সঙ্গে যাঁদের সম্পর্ক ভালো, তাঁদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আমরা মানি না। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তাঁরা আসাদুল হাবিবকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন৷
কমিটির বিরোধী পক্ষের নেতা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নতুন কমিটির সহসভাপতি মমতাজ শিরিন ভরসা বলেন, তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।
এদিকে নতুন কমিটির নেতৃত্বে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপিতত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন৷ সমাবেশে বক্তব্য দেন নতুন জেলা কমিটির সভাপতি এমদাদুল হক ভরসা, মহানগরের সাধারণ সম্পাদক সামসুজ্জামান প্রমুখ।
জেলা কমিটির প্রতি আস্থা রেখে দলমত-নির্বিশেষে সব নেতা-কর্মীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সামসুজ্জামান বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। এভাবে বিরোধ থাকলে আন্দোলন-সংগ্রামে পিছিয়ে পড়তে হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়৷ দুটি কমিটিই ১০১ সদস্যবিশিষ্ট৷ এর পর থেকে দুই পক্ষের বিরোধ চরমে ওঠে।