সুনামগঞ্জ সফরে আসা বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের বিবদমান দুই পক্ষকে নিয়ে পৃথকভাবে সমাবেশ করেছেন। ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল ও জেলা পর্যায়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে কেন্দ্রীয় প্রতিনিধিদলের এ সফর।দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মুশফিকুর রহমান ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সুনামগঞ্জে আসেন। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল হক আছপিয়ার সমর্থক নেতা-কর্মীরা বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করেন। এতে কেন্দ্রীয় নেতা মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও দলের অপর পক্ষের কোনো নেতা-কর্মী অংশ নেননি। গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী এবং দেওয়ান জয়নুল জাকেরীনের সমর্থক অংশ শহরের তেঘরিয়া এলাকায় পৃথক কর্মী সমাবেশের আয়োজন করে। এখানেও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। ২০০৯ সালের ২৯ অক্টোবর শহরে পৃথকভাবে জেলা সম্মেলন করে দুই কমিটি ঘোষণা দেন তাঁরা। এরপর কেন্দ্র থেকে কয়েক দফা এই বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বিরোধ আর মেটেনি।