সীমানাসংক্রান্ত জটিলতায় রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত আছে। নতুন করে তফসিলের কোনো খবর নেই। অথচ বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে বিরোধে জড়িয়ে পড়েছে।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, নির্বাচন কমিশন প্রথম দফায় তফসিল ঘোষণা করলে পীরগাছায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আফছার আলীকে দলীয় সমর্থন দেওয়া হয়। কিন্তু সীমানা জটিলতার কারণে নির্বাচন কমিশন পীরগাছাসহ রংপুরের চারটি উপজেলার নির্বাচন স্থগিত করে। আজ পর্যন্ত ওই চারটি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি রেজওয়ান আলী ওরফে বাবলু পীরগাছাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টার সাঁটিয়ে দোয়া কামনা করেন। এ নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। এ কারণে একক প্রার্থী নির্বাচনের জন্য গত শুক্রবার বিকেলে পীরগাছা জেএন উচ্চবিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকে উপজেলার অন্নদানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সরকার বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘স্বয়ং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বললেও চেয়ারম্যান পদে আফছার আলী ছাড়া দলের অন্য কাউকে সমর্থন দেওয়া হবে না।’
ওই বক্তব্যের সঙ্গে সঙ্গে বৈঠকে হইচই শুরু হয়। বিএনপির একটি পক্ষ বৈঠক থেকে বেরিয়ে এসে আবদুর রশিদ সরকারের বহিষ্কারের দাবিতে রাত আটটায় পীরগাছা বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করে। পরে উভয় পক্ষের নেতা-কর্মীরা চেয়ারম্যান পদে আফছার আলী ও রেজওয়ান আলীকে পাল্টাপাল্টি প্রার্থী করার ঘোষণা দেন। উপজেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করায় নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলসহ চাপা ক্ষোভ বিরাজ করে আসছিল। শুক্রবারের ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ্যে রূপ নিয়েছে।’
আফছার আলী বলেন, ‘দলীয় সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে সমর্থন দেওয়া হয়েছে।’
রেজওয়ান আলী বলেন, ‘খালেদা জিয়াকে অবজ্ঞা করে বক্তব্য রাখায় শুক্রবারের বৈঠকটি ভন্ডুল হয়ে যায়। আমরা বেরিয়ে এসে বিক্ষোভ ও পথসভা করি। সেখানে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।’