নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে গতকাল শুক্রবার দুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বারদী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহমান ও সহসভাপতি নেহালউদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ফারুক, রিপন, ওয়াসিম, রুবেল, লতিফ, আবদুল আলিম, আবদুল করিম, মোতালেব, হারুন, ছালাম, ইকবাল, আলামিন, মাসুম, সুমন, দীন ইসলাম, রমজানসহ কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।সংঘর্ষের সময় নেহালউদ্দিনের পক্ষের লোকজন আবদুর রহমান পক্ষের আবদুল আলী ও আবদুর রউফের দোকানে ভাঙচুর ও লুটপাট করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আবদুর রহমান জানান, ‘পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর হামলা এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে।’নেহালউদ্দিন জানান, তাঁর ভাতিজা রিপনকে রাস্তায় একা পেয়ে সন্ত্রাসীরা পিটিয়ে জখম করেছে। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোনারগাঁ থানার ওসি হারুন অর রশিদ জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।