বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পৌর মেয়রসহ আহত ১৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চাঁদপুরে আগমন উপলক্ষে দুই পক্ষের মিছিল করাকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা সদরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে ফরিদগঞ্জে বিএনপির সাংসদ লায়ন হারুনের সমর্থকদের সঙ্গে একই দলের বহিষ্কৃত পৌর মেয়রের অনুসারীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে মেয়র মনজিল হোসেনসহ দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অবস্থার অবনতি দেখে মেয়র মনজিল হোসেনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির সাংসদ লায়ন হারুনের নেতৃত্বে নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিলের প্রস্তুতি নেন। এ খবর পেয়ে মেয়র মনজিলের নেতৃত্বে গজারির লাঠি নিয়ে একটি মিছিল সাংসদের নেতৃত্বে আসা মিছিল ঠেকাতে ওনুআ চত্বরে অবস্থান নেয়। অপরদিকে বিএনপির সাংসদের অনুসারী দলীয় নেতা-কর্মীরাও জড়ো হতে থাকেন অনুআ চত্বরে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির পরে বেধে যায় সংঘর্ষ। অবস্থা বেগতিক দেখে মেয়র মনজিল হোসেনের লোকজন পিছু হটে। এ সুযোগে সাংসদের অনুসারী নেতা-কর্মীরা দৌড়ে গিয়ে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে হামলা চালান। মেয়রের অফিস তছনছ করা ছাড়াও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তাঁরা। ওই সময় পৌর কার্যালয়ের সামনে পেয়ে মেয়র মনজিলকে তাৎক্ষণিক এলোপাতাড়িভাবে গজারির লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। মেয়রের অনুসারী নেতা-কর্মীদের জন্য আয়োজন করা রান্নাবান্নার পাতিল ভাঙচুর করা হয়েছে। এ সময় বাজারের আতঙ্কগ্রস্ত ব্যবসায়ী ও এলাকার লোকজন ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। পৌরসভা কার্যালয়ে আগুনের খবর পেয়ে চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপক গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় মেয়রকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। মেয়র মনজিল হোসেন জানান, ‘আমি বিএনপিতে আছি এবং থাকব। প্রতিহিংসার রাজনীতির কারণে সাংসদ লায়ন হারুন আমাকে দল থেকে বহিষ্কার করেছেন। যারা ইতিপূর্বে দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে, সেসব বিতর্কিত লোকদের নিয়ে সাংসদ তাঁর ইচ্ছেমতো দলের ক্ষতি করছেন। এসব কারণে বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন থেকে সাংসদের কর্মকাণ্ডের ওপর ক্ষিপ্ত হয়ে আছে।’ চাঁদপুর-ফরিদগঞ্জে বিএনপির সাংসদ লায়ন হারুনুর রশিদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাঁদপুরে আগমন উপলক্ষে আমার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়ার নির্দেশে দল থেকে বহিষ্কৃত মনজিল হোসেন তাঁর ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সহযোগিতা নিয়ে গজারি লাঠি মিছিল নিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।’ ফরিদগঞ্জ থানার পুলিশের পরিদর্শক জাবেদুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।