বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে গতকাল শনিবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির কার্যালয় ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের একপর্যায়ে কোস্টগার্ডের মহাপরিচালকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য বেলা ১১টার দিকে সাবেক সাংসদ খুররম খান চৌধুরী এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পক্ষের নেতা-কর্মীরা পৌর শহরের পাটমহাল ও মোরগমহাল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এদিকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের সড়কে বিএনপির এক পক্ষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে অপর পক্ষ তাদের ধাওয়া দেয়। ধাওয়ার একপর্যায়ে তারা কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেনের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বাড়ির কয়েকজন আহত হন।

আজিজুল ইসলাম দাবি করেন, তাঁর কোনো নেতা-কর্মী কোস্টগার্ডের মহাপরিচালকের বাসায় হামলা করেনি। প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে দায় চাপাতে চাইছে।