বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে অবরোধ চলাকালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ-সমর্থিত সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা গতকাল দুপুরের দিকে অবরোধ কর্মসূচিতে যোগ দিতে কয়েকটি মোটরসাইকেলে করে কেশবপুরে আসছিলেন। ত্রিমোহিনী মোড়ে পৌর বিএনপির সভাপতি মেয়র আবদুস সামাদ-সমর্থিত কর্মীদের বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে তাঁরা ধাওয়া করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। দুই পক্ষের মধ্যে কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। এতে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরাম খান, বিষ্ণুপুর গ্রামের দবির উদ্দিন, ইয়াছিন আলী, শাহীনুর রহমান শাহীন, রবিউল ইসলাম ও উজ্জ্বল হোসেন আহত হন।
আবদুস সামাদ বিশ্বাস বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবুল হোসেন আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে ঠিকঠাক হয়ে গেছে।