বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে গতকাল শনিবার উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইলে বিএনপির এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ খুররম খান চৌধুরী। অপর পক্ষের নেতৃত্বে আছেন এ কে এম রফিকুল ইসলাম। দুপুর ১২টার দিকে রফিকুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা মিছিল নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করেন। এর পরই খুররম পক্ষের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরে ঢোকার সময় উভয় পক্ষ দা, রামদা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে মো. শরিফুল ইসলাম নামের এক ফটোসাংবাদিক আহত হন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৮ জন আহত হয়।
ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এক পক্ষের রাতুল (১৮) নামের এক কর্মী একটি বাসায় আশ্রয় নেন। প্রতিপক্ষের লোকজন বাসায় আশ্রয় দেওয়ার অপরাধে এক নারীকে (২৮) মারধর করেন। গুরুতর আহত পাঁচজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সম্পর্কে জানতে দুই নেতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।