বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা চারটি মোটরসাইকেলসহ একটি ঘরে ভাঙচুর করেছে।
আহতদের মধ্যে আটজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সূর্য্যমণি ইউনিয়নের শানেস্বর গ্রামে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সূর্য্যমণি ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার। আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা ওয়ার্ড কমিটি গঠন করতে গতকাল সকালে ইউনিয়নের শানেস্বর গ্রামের বিএনপি নেতা আবদুল মন্নান মিয়ার বাড়িতে বৈঠকে বসেন। এ খবর পেয়ে ক্ষুব্ধ আগের কমিটির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে অন্তত ২৫ জন আহত হন। হামলাকারীরা চারটি মোটরসাইকেলসহ আবদুল মন্নান মিয়ার ঘরে ভাঙচুর করে চলে যান।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক বলেন, ‘আমরা কয়েকজন আলোচনা করছিলাম। কিন্তু হঠাৎ করে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব জোমাদ্দার ২০-২৫ জন লোক নিয়ে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালান।’
অভিযোগ অস্বীকার করেছেন মাহাবুব জোমাদ্দার। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।