বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল রোববার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, এলাকার আধিপত্য নিয়ে উপজেলা দিলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রইছ উদ্দিন ও ওই ইউনিয়ন বিএনপির সদস্য (উপজেলা তরুণ দলের আহ্বায়ক) মাইনুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের লোকজন থানায় ও আদালতে একাধিক মামলা করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দিলালপুর বাজারে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দা, লাঠি, বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দা, লাঠির আঘাতে নারী-পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। গুরুতর আহত রমিজ উদ্দিন, সাদিয়া ও আজিজ মিয়াকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রইছ উদ্দিন অভিযোগ করেন, সংঘর্ষের সময় মাইনুল ইসলাম পাঁচটি গুলি ছুড়েছেন। একটি গুলি তাঁর (রইছ) বাম ঊরুতে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পূর্বশত্রুতার জের ধরে মাইনুলের লোকজন গতকাল হঠাৎ করে অস্ত্র নিয়ে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালান। মাইনুল ইসলাম বলেন, রইছ উদ্দিনের লোকজন প্রথমে হামলা করেন। তিনি গুলি ছোড়ার কথা অস্বীকার করে বলেন, ‘রইছ উদ্দিন দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে অযথা লেগেছেন।’