চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর জেলা বিএনপির শোক কর্মসূচি পালনের সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের প্রথম কবরে এ ঘটনা ঘটে।
উত্তর বিএনপির একজন নেতার নামে স্লোগান দেওয়ার সময় প্রতিপক্ষের সমর্থকের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ মাসুম ও বাবু নামের তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে ফুল দিতে যান। সেখানে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বক্তৃতা করছিলেন। এমন সময় প্রতিপক্ষের সমর্থকেরা স্লোগান দিচ্ছিলেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উত্তর যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান ওরফে মঞ্জুকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।
সোলায়মান বলেন, ‘সৈয়দ ওয়াহিদুল আলম ও এস এম ফজলুল হকের সমর্থকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ফজলুল হকের সমর্থক হিসেবে পরিচিত উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনের মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত কর্মীরা। পিটুনি দেয় ফজলুল হক সাহেবের এপিএস মাসুম এবং ফতেয়াবাদের বিএনপির কর্মী বাবুকে। এরপর প্রচার করা হয়, আমাকে নাকি বেধড়ক পেটানো হয়েছে।’
উত্তর জেলার আওতাধীন হাটহাজারী আসনে বিএনপির সাংসদ ছিলেন সৈয়দ ওয়াহিদুল আলম। সেই আসনে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম ফজলুল হকও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ কারণে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তারই জের ধরে গতকাল এ কাণ্ড ঘটে বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।