বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার মীরগঞ্জ এলাকায় শুক্রবার রাত ১০টার দিকে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বেলাল মিশরীর কয়েক সহযোগী ওই বাজার এলাকায় এক মেয়েকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করে স্থানীয় যুবদল কর্মী সোহাগ হোসেন ও তাঁর লোকজন। এ নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় কেরোয়া ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম সরকার ও জহিরুল আলমের সমর্থকেরা সশস্ত্র অবস্থায় দুই পক্ষে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে মাথায় গুলিবিদ্ধ মো. ফয়সালকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও হাতে গুলিবিদ্ধ কামাল উদ্দিন ও বধির হোসেনকে লক্ষ্মীপুর উপশম হাসপাতালে ভর্তি করা হয়। আহত সোহাগ হোসেন, মো. জসীম ও মো. বাবু উপশম হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন। যুবদল কর্মী সোহাগ হোসেন বলেন, ‘এক স্কুলছাত্রীকে বেলালের লোকজন স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় তারা আমাদের লোকজনের ওপর অতর্কিত গুলি করে।’ বেলাল মিশরী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তুচ্ছ ঘটনাটি নিয়ে এলাকার অতি উৎসাহী কয়েক সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটায়। বিএনপির নেতা নজরুল ইসলাম সরকার বলেন, ‘দুই পক্ষের লোকজনই আমাদের নেতা-কর্মী। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি নিয়ে গোলাগুলি হয়েছে।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। নারীসংক্রান্ত ঘটনায় বিএনপির দুই পক্ষের গোলাগুলি হয়। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ নিয়ে থানায় কেউ মামলা করেনি।