বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনার পর তাঁর সমর্থকেরা প্রতিপক্ষের মন্টু মিয়ার বাড়ি ভাঙচুর করেছেন বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সোমবার সকালে গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়ার সমর্থকেরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি সোহাগপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইল বিএনপির সদস্য ফিরুজ হায়দার খানের সমর্থকেরা হামলা চালান। এতে শাহ আলমের পক্ষের একজন আহত হন। পরে বেলা একটার দিকে এ ঘটনার জের ধরে ফিরুজের সমর্থকেরা মিছিল শেষে সোহাগপাড়া থেকে ফেরার পথে শাহ আলমের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এতে আবদুল আলীমসহ দুই পক্ষের কয়েকজন আহত হন। তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
আবদুল আলীমের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন শাহ আলমের সমর্থক হিসেবে পরিচতি মন্টু মিয়ার বাড়ি ভাঙচুর করেছেন বলে জানা গেছে।
বিকেলে মির্জাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফিরুজ হায়দার খান দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। একই দাবিতে তাঁর নেতৃত্বে উপজেলা সদরে বিক্ষোভ করেন সমর্থকেরা।
মির্জাপুর থানার এসআই নুর ইসলাম বলেন, লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।