বিএনপির দুই পক্ষের সভা ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে গতকাল শনিবার বিকেলে বিএনপির কার্যালয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন বলেন, ২৬ মার্চের কর্মসূচি গ্রহণের জন্য ‘তৃণমূলের’ পক্ষ থেকে নতুনবাজারের দলীয় কার্যালয়ে বিকেল চারটায় সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত হওয়ার জন্য সকাল থেকে এলাকায় মাইকিং করা হয়। হঠাৎ করেই বেলা দুইটায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মাইকিং করে সভা আহ্বান করেন। ‘তৃণমূলের’ সভা ভন্ডুল করতেই উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পরিকল্পিতভাবে ওই সভা আহ্বান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ বলেন, বিএনপির দুই পক্ষ একই স্থানে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়।

দলীয় নেতা-কর্মীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয়ের পর থেকে বিএনপির দুই পক্ষের মধ্যে কোন্দল চরম আকার ধারণ করেছে। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে।