বিএনপির দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গতকাল সোমবার হাতাহাতির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সময় শহরের আদালত এলাকায় এ ঘটনা ঘটে।বিএনপি সূত্র জানায়, দুপুরে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক আছপিয়ার পক্ষের নেতা-কর্মীরা শহরে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। এরপর বিএনপির নাসির উদ্দিন চৌধুরী পক্ষের নেতা সাবেক সাংসদ কলিমউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে শহরের স্টেডিয়াম এলাকা থেকে আরেকটি মিছিল বের করা হয়। আছপিয়ার পক্ষের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে বের হলে অপর পক্ষের নেতা-কর্মীরা সেখানে মিছিল নিয়ে যান। দুটি মিছিল মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দুই পক্ষই শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘আমরা মিছিল নিয়ে সেখানে গেলে অপর পক্ষের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে।’ ফজলুল হক আছপিয়া পক্ষের নেতা আবুল মনসুর মোহাম্মদ শওকত বলেন, ‘আমরা স্মারকলিপি দিয়ে আসার সময় দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।’