বিএনপির দুই প্রার্থীরই নিজেকে 'মূল' দাবি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রকৃত প্রার্থী কে আর বিকল্প প্রার্থীই বা কে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, এখানে দলটি থেকে দুজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত দুই প্রার্থীর মধ্যে ‘হেভিওয়েট’ হিসেবে একাধিকবারের সাবেক সাংসদ দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশীদকে ধরা হলেও অপর প্রার্থী ছাত্রদলের সাবেক নেতা ও চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ নিজেকে দলের মূল প্রার্থী বলে দাবি করছেন। আর হারুনুর রশীদকে বলছেন বিকল্প।
আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ‘দলে আমার গ্রহণযোগ্যতা বেশি থাকায় আমাকে ১ নম্বর প্রার্থী করা হয়েছে। এ ছাড়া হারুনুর রশীদকে জামায়াত মানতে রাজি না। আমার ব্যাপারে তাদের বিরোধিতা কম। আর হারুনুর রশীদের নানা বদনামও আছে। আমার কোনো বদনাম নেই। সে ক্ষেত্রে আমারই চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
অন্যদিকে হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আবদুল ওয়াহেদকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আর কদিন পরই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। আবদুল ওয়াহেদ গংয়ের দলের লোকজনের চেয়ে জামায়াতিদের সঙ্গেই সখ্য বেশি। এর আগে একাধিক সংসদ নির্বাচনে তাঁরা জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। দলীয় কর্মসূচিতে তাঁদের কখনো দেখা যায় না। তাঁদের অবস্থান, শুধুই হারুন বিরোধিতা।’
তবে দলের মধ্যে স্থানীয় দ্বন্দ্বে হারুনুর রশীদের বিরোধী অবস্থানে থাকলেও জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘চূড়ান্তভাবে দলের মনোনয়ন যিনি পাবেন, আমি তাঁর পক্ষেই কাজ করব।’