বান্দরবান জেলা বিএনপি দুই ধারায় বিভক্ত। এক পক্ষে রয়েছেন সভাপতি সাচিংপ্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। অন্য পক্ষে রয়েছেন জেলা বিএনপির ছাত্র-যুববিষয়ক সম্পাদক ও বর্তমান মেয়র জাবেদ রেজা ও জেলা সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ।
দুই পক্ষই বান্দরবান সদর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পৃথক দুজনের নাম কেন্দ্রে পাঠিয়েছেন।
সাচিংপ্রু জেরি-আজিজুর রহমানের পক্ষের নেতা জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ বলেন, জেলা কমিটি থেকে মোহাম্মদ ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে কেন্দ্রীয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে কেন্দ্র কখনো জাবেদ রেজাকে প্রার্থী হিসেবে এবার মনোনয়ন দেবে না।
এদিকে গতকাল লামায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বান্দরবান ও লামা পৌরসভা নির্বাচনে গতকাল রোববার পর্যন্ত মেয়র পদে দুজন ও কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বিএনপির কোনো নেতা মেয়র পদে মনোনয়নপত্র নেননি।