বিএনপির দুই সংগঠনের কর্মসূচি, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একই স্থানে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্মসূচি আহ্বান করায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আ. লতিফ মিয়াজী জানান, বেলা দুইটায় রাজারহাট কারিগরি বাণিজ্যিক মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। উপজেলা প্রশাসনের কাছ থেকে ১৯ মে অনুমতিও নেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ইদ্রীস আলী, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান ও শফিকুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। হঠাৎ করে একই স্থানে ইউনিয়ন ছাত্রদল সভা ডাকে। তবে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে কর্মীসভা আহ্বান করি। স্বেচ্ছাসেবক দলের বিষয়টি আমরা জানি না।’দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির দুটি পক্ষের দ্বন্দ্বের কারণে রাজারহাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি পক্ষ ছাত্রদলকে দিয়ে পাল্টা সভা আহ্বান করানোয় সম্মেলন পণ্ড হয়ে যায়।জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে চাই, আর অপর একটি পক্ষ তা নষ্ট করতে চায়।’ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসনাইন বলেন, ‘গতকাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের ছয়জন অভিযোগ করেন, ইউনিয়ন কমিটি সুষ্ঠুভাবে না করে তারা সম্মেলনের ডাক দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সম্মেলনের ব্যাপারে জেলা বিএনপিকে কিছুই জানানো হয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেনুল ইসলাম জানান, একই স্থানে দুটি দল সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে সভাস্থলসহ উপজেলা সদরের আশপাশে সব রকমের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।