বরগুনা, দিনাজপুর, লালমনিরহাট ও বগুড়ার ধুনটে হরতালে সহিংসতা
বিএনপির দুই সহস্রাধিক নেতা ও কর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ২৭-২৯ অক্টোবরের হরতালে সহিংসতার ঘটনায় বরগুনা, দিনাজপুর, লালমনিরহাট ও বগুড়ার ধুনটে দুই সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে ১০টি মামলা করা হয়েছে।
বরগুনা: সোমবার হরতাল চলাকালে জেলার আমতলী, তালতলী, বগী, পাথরঘাটা, কাকচিড়া ও মোকামিয়ায় হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষে উভয় পক্ষের ৩৯ জন নেতা-কর্মী আহত হন। এ সময় আমতলী, তালতলীসহ জেলার বিভিন্ন স্থানে ২১টি মোটরসাইকেল ও একটি নছিমনে অগ্নিসংযোগ করেন হরতালকারীরা।
এ ছাড়া রোববার সকালে বামনার খোলপটুয়া এলাকায় শিবিরের কর্মীরা বেধড়ক পিটিয়ে এএসআইসহ পুলিশের ছয় সদস্যকে গুরুতর আহত করেন। এসব ঘটনায় জেলার আমতলী, পাথরঘাটা ও বামনা থানায় পাঁচটি মামলা করে পুলিশ। এতে বিএনপি-জামায়াতের মোট ৪৪৩ নেতা-কর্মী ছাড়াও অজ্ঞাত আরও প্রায় ৫৫০ জনকে আসামি করা হয়।
দিনাজপুর: মঙ্গলবার বিরল উপজেলায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে গতকাল বুধবার মামলা করেন।
এই মামলার আসামি হিসেবে বিএনপির আখতার হোসেন (৪৫), আতাউর রহমান (৪৫) ও ফরহাদ আলীকে (১৮) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।
লালমনিরহাট: সহিংসতার অভিযোগে তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬৪ জনের নাম-পরিচয় উল্লেখ করে ৩৪৪ জনকে আসামি করা হয়েছে।
হরতালের প্রথম দিন সকালে জেলা শহরের থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসাদুল হাবিবকে হুকুমের আসামি করে ৬১ জনের বিরুদ্ধে মামলাটি করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. হাফেজ উদ্দিন (৫২)। এদিন বিকেলে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ি বাজারে মোটরসাইকেল ভাঙচুর, ৬৫ হাজার টাকা ও মোবাইল সেট কেড়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার মামলা করেন আটবিল দর্পনষ্কর গ্রামের মাহাতাব আলী সরকারের ছেলে এরশাদুল হক সরকার। এ মামলায় ২১১ জনকে আসামি করা হয়।
হরতালের দ্বিতীয় দিন দুপুরে শহরের কলেজ বাজারে মমিন ডেকোরেটরে হামলা, ভাঙচুর ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং দোকানমালিককে মারপিট করে আহত করার অভিযোগে দোকানমালিক যুবলীগের কর্মী মমিনুল ইসলাম বাদী হয়ে ওই রাতে সদর থানায় মামলা করেন। এ মামলায়ও আসাদুল হাবিব দুলুকে হুকুমের আসামি করে ৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
ধুনট (বগুড়া): ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৪২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলমসহ ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।