বিএনপির দুই সাংসদের মুক্তির বিষয় বিবেচনায় নিতে স্পিকারেরআহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান বিরোধী দল বিএনপির দুই সাংসদ এম কে আনোয়ার ও বরকতউল্লার মুক্তির বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘বিরোধী দলের আটক নেতাদের মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। তবে স্পিকার হিসেবে আমার বিনীত আবেদন, যেহেতু অধিবেশন আসন্ন, সে কারণে তাঁদের মুক্তির বিষয়টি আদালত আইনি প্রক্রিয়ায় বিবেচনা করবেন।’
গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়নস ক্লাবের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বিরোধী দল সংসদে এলে তাদের দাবি নিয়ে আলোচনা হতে পারে। তারা যাতে কথা বলার সুযোগ পায়, তা আমি দেখব।’
কাল সোমবার থেকে সংসদের ১৮তম (বাজেট অধিবেশন) অধিবেশন শুরু হচ্ছে।