বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী নেতা-কর্মীরা জানান, উপজেলার মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি গতকাল বিকেলে মৌচাক এলাকায় আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলমকে বক্তব্য দিতে না দেওয়ায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামানের লোকজনের সঙ্গে শাহ আলম সমর্থকদের বাগিবতণ্ডা হয়। অন্যদিকে উপজেলার বাসিন্দা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান ও মজিবুর রহমানের নাম ব্যানারে না থাকায় তাদের সমর্থকেরাও ক্ষিপ্ত হয়। পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন ব্যানার ছিঁড়ে ফেলেন। এতে কেন্দ্রীয় কমিটির অপর সদস্য কাজী সায়েদুল আলমের সমর্থকেরা খেপে ওঠে। সায়েদুল আলমের সমর্থকেরা কামরুজ্জামানের এবং হুমায়ুন কবীর খান ও মজিবুর রহমানের সমর্থকেরা শাহ আলমের সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে দু’দলে ভাগ হয়ে যায়। বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে যুবদলের নেতা সাহাদত হোসেন ও বিএনপির নেতা সাইফুল ইসলামকে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিন বলেন, দলের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই এ ঘটনা ঘটেছে। পরে সাংগঠনিক কমিটির সভায় সমস্যার সমাধান করা হবে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি।