দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন নিয়ে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসনটি আওয়ামী লীগ বা তার নেতৃত্বাধীন মহাজোটের দখলে আনার কৌশল নিয়ে ভাবছেন জোটের স্থানীয় নেতা-কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সর্বদলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নিলে হিসাবটা হবে এক রকম।
আর বিএনপি নির্বাচনে অংশ নিলে হিসাবটা হবে অন্য রকম। সে ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীর বলি হওয়ার আশঙ্কাও রয়েছে। নির্বাচনী এলাকা ঘুরে এবং দুদলের নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।
দলীয় সূত্র জানায়, গত ৭ অক্টোবর গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধিরা শেখ হাসিনার কাছে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনজনের নাম জমা দিয়েছিলেন। তাঁরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। কিন্তু ১০ নভেম্বর ঢাকায় গিয়ে ওই তিনজন ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আইনবিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম।
সালাহউদ্দিন আহমদ ও জাফর আলম মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শতভাগ আশাবাদী। রেজাউল করিম জানান, এ ব্যাপারে তিনি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেবেন।
সাধারণ ভোটার ও আওয়ামী সমর্থক অনেকের মতে, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারার অন্যতম কারণ দলের ভেতর কোন্দল। এবারও আওয়ামী লীগ থেকে প্রার্থী যিনিই হবেন, তিনিই বিরোধিতার সম্মুখীন হবেন।
এ বিষয়ে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, দলীয় কোন্দল নিরসন করা না হলে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে না। চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, এই আসনটি পুনরুদ্ধার করতে হলে নতুন মুখকে প্রার্থী করতে হবে।
জানা যায়, ১ নভেম্বর জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু এ এইচ সালাহউদ্দিন মাহমুদকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে থাকার ঘোষণা দেন। এরপর থেকে চকরিয়ায় জাতীয় পার্টি হঠাৎ চাঙা হয়ে ওঠে। সালাহউদ্দিন মাহমুদ কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন
করেন। এ আসনে জেলা জাতীয় (এরশাদ) পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।
জোটগতভাবে প্রার্থী মনোনয়নের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ বলেন, আমি মনোনয়ন সংগ্রহ করেছি। কিন্তু একক বা জোটগত নির্বাচন সবকিছুই নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।
বিএনপির প্রার্থিতা প্রসঙ্গে জানতে চাইলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, দল নির্বাচনে অংশ নিলে এ আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদই প্রার্থী হবেন। মামলাসংক্রান্ত জটিলতায় তিনি প্রার্থী হতে না পারলে তাঁর স্ত্রী ও বর্তমান সাংসদ হাসিনা আহমেদ লড়বেন। আর কারও নাম ভাবা হচ্ছে না।